বকেয়া বেতনের দাবিতে মালিকের গাড়ি নিয়ে পালালেন চালক, গ্রেফতার
মালিকের কাছ থেকে ওভারটাইমের বকেয়া টাকা না পেয়ে রাজধানীতে এক প্রাইভেটকার চালক মালিকের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়ার পর পুলিশের তৎপরতায় বংশাল এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয় এবং ওই চালককে গ্রেফতার করা হয়েছে। ভাটারা থানার সাইদনগর এলাকার বাসিন্দা ৫৯ বছর বয়সী মো. জলিল মৃধা এই ঘটনায় জড়িত।
সোমবার (২৭ জুলাই) সকালে ভাটারা থানার নতুনবাজার এলাকা থেকে গাড়িটি নিয়ে চলে যান জলিল। গাড়ির মালিক বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে ৯৯৯-এ কল করেন। ওই সময় তিনি জানান, তার গাড়ির চালক কাউকে কিছু না বলেই গাড়ি নিয়ে লাপাত্তা হয়েছেন এবং তার ফোন রিসিভ করছেন না। খবর পেয়ে ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক কন্ট্রোল রুমকে অবহিত করে। এরপর ট্রাফিক কন্ট্রোল রুমের তথ্যের ভিত্তিতে বংশাল থানার চানখাঁরপুল চৌরাস্তায় নাজিমউদ্দিন রোডের শামীম ডেন্টালের সামনে থেকে সার্জেন্ট তৌফিক এলাহী সুজন ঢাকা মেট্রো গ-২২-৮৮৭৮ নম্বরের গাড়িটি জব্দ করেন।
পরে বংশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি থানায় নিয়ে আসে এবং আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় গাড়ি চুরির অভিযোগে পুলিশ চালক মো. জলিল মৃধাকে গ্রেফতার করেছে। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে রাজধানীর ভাটারায় বসবাস করছিলেন।

