ফেসবুকে তান্ত্রিক সেজে নারীদের হাত পুড়িয়ে টাকা লুট, গ্রেফতার ৩
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তান্ত্রিক পরিচয়ে নারীদের প্রলুব্ধ করে রাসায়নিকের মাধ্যমে তাদের হাতে আগুন দেওয়ার অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রাজধানীর দক্ষিণ কল্যাণপুরে সোমবার এক সংবাদ সম্মেলনে পিবিআই-এর বিশেষ পুলিশ সুপার মো. ফজলে এলাহী জানান, কুমিল্লা ও নোয়াখালী থেকে এই চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
গত ২৪ জুলাই মধ্যরাতে কুমিল্লার চান্দিনা থানা এলাকা থেকে অহিদ মিয়া ওরফে কুয়েত (২৪) এবং মাহে আলমকে (২৭) গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরের দিন ভোরে নোয়াখালীর সুধারাম থেকে অহিদের ছোট ভাই হাসান আলীকে (২০) আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা সমস্যা সমাধানের নামে ভুক্তভোগীদের নির্দেশ দিত পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও মিষ্টি মিশিয়ে হাতে লাগাতে। এতে রাসায়নিক বিক্রিয়ায় আগুন ধরে হাত ঝলসে যেত। এরপর ক্ষত সারানোর আশ্বাস দিয়ে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।
জানা যায়, সালমা আক্তার নামে এক নারী ফেসবুকে ‘রহমত আলী কবিরাজ’ নামের এক আইডির মাধ্যমে প্রতারকদের সাথে যোগাযোগ করেন। স্বামীর পরকীয়া সম্পর্ক দূর করার কথা বলে তারা প্রথমে হাদিয়া হিসেবে ১,৫০০ এবং পরে জালালি কবুতর কেনার অজুহাতে আরও ৩,৫০০ টাকা নেন। এরপর জ্বীনের মাধ্যমে সমাধানের নামে রাসায়নিক মিশিয়ে হাতে লাগাতে বলেন তারা। এতে সালমার হাতে গুরুতর ক্ষত হলে ক্ষত সারানোর নাম করে তারা আরও ১৬ হাজার টাকা হাতিয়ে নেন। সর্বমোট প্রায় ২১ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়। এ ঘটনায় গত ২১ জুন খিলক্ষেত থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে একটি মামলা দায়ের হলে তদন্ত শেষে তাদের গ্রেফতার করা হয়।

