খিলগাঁওয়ে অস্ত্রসহ গণপিটুনির শিকার ঠিকাদার, স্ত্রীর অভিযোগ ষড়যন্ত্র

প্রাইম বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ৩:০৯ পিএম
খিলগাঁওয়ে অস্ত্রসহ গণপিটুনির শিকার ঠিকাদার, স্ত্রীর অভিযোগ ষড়যন্ত্র

রাজধানীর খিলগাঁও থানা এলাকায় সোহেল ওরফে পাগলা সোহেল নামে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ আটকে রেখে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা ওই ব্যক্তিকে জনতার হাত থেকে উদ্ধার করে একটি দেশীয় পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি চাকু জব্দ করে।

খিলগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইমরান শেখ বলেন, নন্দীপাড়ায় একজনকে অস্ত্রসহ আটকে রাখা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত সেখানে যায়। সেখানে গিয়ে দেখা যায়, ৪০ থেকে ৫০ জন লোক তাকে ঘিরে রেখেছে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সোহেলের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

অবশ্য সোহেলের স্ত্রী তারিন এ ঘটনার একটি ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেন, ইট ও বালুর ঠিকাদারি ব্যবসার জের ধরে প্রতিপক্ষরা তার স্বামীকে ফাঁসাতে চেয়েছিল। তারিনের অভিযোগ, স্থানীয় খোকন, কাওসার ও মাসুমের সঙ্গে সোহেলের দীর্ঘদিনের বিরোধ চলছিল। পূর্বশত্রুতার জেরে তাকে ডেকে নিয়ে মারধর করা হয় এবং পরিকল্পিতভাবে তার কাছে অস্ত্র রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...