সাইবার অপরাধ দমনে আধুনিক দক্ষতা অর্জনের তাগিদ আইজিপির

প্রাইম বার্তা অনলাইন
১৮ জুলাই ২০২৬ ১১:৪১ পিএম
সাইবার অপরাধ দমনে আধুনিক দক্ষতা অর্জনের তাগিদ আইজিপির

প্রযুক্তির অপব্যবহার ও সাইবার অপরাধের মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আধুনিক জ্ঞান এবং গবেষণামূলক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে পুলিশিং ব্যবস্থাকেও সময়োপযোগী হতে হবে, যেখানে অপরাধ দমনের পাশাপাশি জনগণের আস্থা অর্জন ও মানবাধিকার সুরক্ষার ওপর সমান গুরুত্ব দিতে হবে।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর পুলিশ স্টাফ কলেজে মাস্টার অব অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট (এমএসিপিএম) মাস্টার্স প্রোগ্রামের ১০ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। এসময় তিনি উপস্থিত নেতৃবৃন্দকে কৌশলগত চিন্তাভাবনা ও তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে সমস্যা সমাধানের নির্দেশনা দেন। তিনি আরো বলেন, আধুনিক পুলিশ নেতৃত্বকে আজীবন শিক্ষার্থী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে, যাতে তারা উদ্ভাবনী পন্থায় কার্যকর সিদ্ধান্ত নিতে পারেন।

অনুষ্ঠানে জানানো হয়, এক বছর মেয়াদি এই কোর্সের এবারের ব্যাচে ৫০ জন অংশগ্রহণকারী রয়েছেন। এই প্রোগ্রামে বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ, চিকিৎসা সেবা এবং গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। পুলিশ স্টাফ কলেজের রেক্টর কাজী মো. ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের পরিচালক (একাডেমিক) সরকার ওমর ফারুক।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...