জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে টিএসসিতে ইসলামী ছাত্র আন্দোলনের আয়োজন
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ ও স্বৈরাচার প্রতিরোধের চেতনাকে ধারণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দিনব্যাপী আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) ঢাবি টিএসসি মাঠে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ পালিত হয়।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির প্রথম পর্বে আয়োজন করা হয় ফটো এক্সিবিশনের। এরপর দুপুর ২টায় ‘এই সংসদ বিশ্বাস করে, গণ-অভ্যুত্থানের চেতনা কেবল স্মরণে নয়, নীতিনির্ধারণেও প্রতিফলিত হওয়া উচিত’ প্রসঙ্গে একটি গণবিতর্ক অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৩টায় জুলাই-উত্তর ছাত্ররাজনীতির ধরন নিয়ে ‘জুলাই পরবর্তী ছাত্র রাজনীতির প্যাটার্ন: মত ও মতান্তর’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
ছাত্র নেতাদের মধ্যে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের আনিসুর রহমান অনিক, ইসলামী ছাত্র আন্দোলনের খায়রুল আহসান মারজান, ছাত্র শিবিরের কাজী আশিক, ছাত্র অধিকার পরিষদের সাদমান আব্দুল্লাহ প্রমুখ এতে অংশ নেন। এছাড়া আসরের পর বাদ ‘জুলাই গণ-অভ্যুত্থান: অর্জন-অপূর্ণতা ও রাজনৈতিক বিভাজন’ বিষয়ে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, শায়খ মুসা আল হাফিজ, ড. কামরুল ইসলাম, ফাহিম মাশরুর ও শেখ ফজলুল করীম মারুফ।
আলোচকরা তাদের বক্তব্যে উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা দলের অর্জন নয়; এটি বহু মতের মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। জুলাই বিপ্লবের প্রত্যাশা বাস্তবায়নে সমাজের সব স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফ মুহাম্মাদ আলাউদ্দিন।

