সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯, চলছে ত্রাণ কার্যক্রম

প্রাইম বার্তা অনলাইন
১৮ জুলাই ২০২৬ ১১:০৫ পিএম
সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৯, চলছে ত্রাণ কার্যক্রম

দেশের সাত জেলায় সৃষ্ট বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ধসের প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত জেলার ৫৬টি উপজেলার ৩৭৪টি ইউনিয়ন ও চারটি পৌরসভা দুর্যোগের কবলে পড়েছে। এসব এলাকায় আহত হয়েছেন আরও ৪০ জন।

বিভিন্ন জেলায় প্রাণহানির বিবরণে দেখা যায়, কক্সবাজারে সবচেয়ে বেশি ৩২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৩ জন রোহিঙ্গা নাগরিক। এছাড়া চট্টগ্রামে ১৬ জন, বান্দরবানে সাতজন, রাঙামাটিতে তিনজন এবং মৌলভীবাজারে একজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে কক্সবাজারে ২৫ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে দুজন এবং খাগড়াছড়িতে একজন রয়েছেন। বন্যাকবলিত মানুষদের উদ্ধার করে ৭৩টি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য সরকার ব্যাপক ত্রাণ সহায়তা বরাদ্দ দিয়েছে। কক্সবাজারে ৪০ লাখ টাকা ও ৪৫০ মেট্রিক টন চাল এবং চট্টগ্রামে ৭৫ লাখ টাকা ও ১ হাজার ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বান্দরবানে ২০ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দের পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও অতিরিক্ত সহায়তা দেওয়া হয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটি, মৌলভীবাজার ও হবিগঞ্জেও নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...