বৈশ্বিক পরিসরে বাংলাদেশের সাফল্য ছড়িয়ে দিতে অঙ্গীকার ইউএনএফপিএর
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ডিয়েনে কেইতা বাংলাদেশের সামাজিক নিরাপত্তা এবং নারী ক্ষমতায়নের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের এই উন্নয়ন অভিজ্ঞতা তুলে ধরার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন। গত ১৬ জুলাই নিউইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
বৈঠকে প্রতিনিধিদলের সঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মনজুর হোসেন উপস্থিত ছিলেন। উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বর্তমান সরকারের বিভিন্ন অগ্রাধিকার মূলক কর্মসূচির বিবরণ তুলে ধরেন। তিনি জানান, নারীকে কেন্দ্র করে সর্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি ফ্যামিলি কার্ড কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং যুবদের দক্ষতা উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। এছাড়া জনসংখ্যার বয়স কাঠামোর পরিবর্তনের সুফল ভোগ করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি।
রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন উপদেষ্টা তিতুমীর। মানবিক কারণে ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি ও পরিবেশের ওপর যে বিরূপ প্রভাব পড়ছে, তা তুলে ধরেন তিনি। তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ইউএনএফপিএর আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়া পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি দেশের প্রতিটি নাগরিক, বিশেষ করে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার সরকারের লক্ষ্যের কথা বৈঠকে তুলে ধরেন।

