জাতিসংঘে জলবায়ু সহনশীল নগর গড়ার প্রতিশ্রুতি বাংলাদেশের

প্রাইম বার্তা অনলাইন
১৭ জুলাই ২০২৬ ৪:০১ পিএম
জাতিসংঘে জলবায়ু সহনশীল নগর গড়ার প্রতিশ্রুতি বাংলাদেশের

জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘নিউ আরবান এজেন্ডা’ বা নতুন নগর আদর্শের মধ্যমেয়াদী পর্যালোচনা সভায় অংশ নিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। এ সময় তিনি অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী এবং জলবায়ূ-সহনশীল টেকসই নগর গড়ে তোলার বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী জানান, পরিকল্পিত নগরায়ণ ও সাশ্রয়ী আবাসন দেশের জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে গণ্য করা হচ্ছে।

বৃহস্পতিবার জাতিসংঘ মিলনায়তনে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ নগরায়ণকে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে, যা সামাজিক অন্তর্ভুক্তি ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় সরকার সাশ্রয়ী আবাসনের সম্প্রসারণ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। এসডিজি বাস্তবায়নে এসব পদক্ষেপ সহায়ক ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

ভবিষ্যতের নগর উন্নয়ন কৌশলে সমন্বিত স্থানিক পরিকল্পনা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা এবং উদ্ভাবনী নগর অর্থায়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। টেকসই নগরায়ণ ত্বরান্বিত করতে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। তার লক্ষ্য, এমন একটি ভবিষ্যৎ গড়ে তোলা, যেখানে কোনো মানুষ বা কোনো অঞ্চল উন্নয়নের বাইরে থাকবে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...