বন্যায় নষ্ট আমন বীজতলা: পাঁচ জেলায় কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা
চট্টগ্রাম অঞ্চলের বন্যাকবলিত পাঁচ জেলার কৃষকদের আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে। কৃষি ও মৎস্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ঘোষণা দিয়েছেন, বন্যায় নষ্ট হওয়া আমন ধানের বীজতলার জন্য ক্ষতিগ্রস্তদের নতুন বীজ ও চারা সরবরাহ করা হবে। একইসঙ্গে বন্যা পরবর্তী রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে গবাদিপশুকে খুরা রোগের টিকা দেওয়ার বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
শুক্রবার চন্দনাইশের দোহাজারীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, দীর্ঘক্ষণ পানি জমে থাকায় বেশিরভাগ বীজতলা নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় এলাকাভিত্তিক তালিকা করে যাদের সবকিছু হারিয়েছে, তাদের দ্রুত বীজ পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া যেসব এলাকায় এখনও পানি রয়েছে, সেখানে সরকারিভাবে বিকল্প জমিতে বীজতলা তৈরি করা হচ্ছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে এই চারা প্রস্তুত হলে কৃষকদের মাঝে বিলি করা হবে, যাতে পানি সরে গেলেই তারা ফের চাষাবাদে নামতে পারেন।
প্রাণিসম্পদ সুরক্ষায় মন্ত্রী বলেন, বন্যার পর খুরা রোগের প্রাদুর্ভাব বাড়ে। এ কারণে ইতোমধ্যে টিকাদান শুরু হয়েছে এবং আগামী পনেরো দিনের মধ্যে শতভাগ গবাদিপশুকে এর আওতায় আনা সম্ভব হবে। গো-খাদ্য সংকট মোকাবেলায় প্রাথমিক পর্যায়ে ৩৫ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে। এদিকে, মৎস্য খাতে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা পাওয়া গেছে, তবে চূড়ান্ত তথ্যের জন্য জরিপ চলমান রয়েছে।

