বন্যাকবলিতদের সুখবর: নারী উদ্যোক্তাদের ঋণের কিস্তি মওকুফ

প্রাইম বার্তা অনলাইন
১৭ জুলাই ২০২৬ ১১:৩৬ পিএম
বন্যাকবলিতদের সুখবর: নারী উদ্যোক্তাদের ঋণের কিস্তি মওকুফ

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের জন্য এক মাসের ক্ষুদ্র ঋণের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার। শুক্রবার (১৭ জুলাই) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউজ প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এ তথ্য জানান। তিনি বলেন, পরিস্থিতির ওপর নির্ভর করে এই সময়সীমা আরও কয়েক মাস বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রতিমন্ত্রী জানান, বন্যা পরবর্তী পুনর্বাসন কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিচ্ছে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশাপাশি জেলে সম্প্রদায়ের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া বন্যাকবলিত এলাকার গবাদি পশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। বানভাসি মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এরইমধ্যে ২০ লাখ টাকা বরাদ্দ ও বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে প্রতিমন্ত্রী বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ৫ কেজি করে চাল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। পরে তিনি বান্দরবান সদরের ক্রাইক্ষ্যংপাড়া এবং রোয়াংছড়ি উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন ও ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। এ সময় তার সঙ্গে সংসদ সদস্য সাচিং প্রু জেরী, অ্যাডভোকেট মাধবী মারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...