ঢাকায় ডিএমপির বৃহৎ অভিযান: গ্রেফতার ৪০১, জব্দ বিপুল মাদক ও অবৈধ সরঞ্জাম

প্রাইম বার্তা অনলাইন
১৭ জুলাই ২০২৬ ১১:৫৩ এএম
ঢাকায় ডিএমপির বৃহৎ অভিযান: গ্রেফতার ৪০১, জব্দ বিপুল মাদক ও অবৈধ সরঞ্জাম

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪০১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে বলে শুক্রবার (১৭ জুলাই) জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে আটক করা হয়। বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১১৯ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ। এছাড়া গুলশান বিভাগে ৪৭, ওয়ারি ৪২, রমনা ৪৪, মতিঝিল ৪১, তেজগাঁও ৩১, লালবাগ ২৬, উত্তরা ৩৮ এবং গোয়েন্দা বিভাগ ১৩ জনকে আটক করেছে। অভিযানে তাদের কাছ থেকে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ৮৩টি মোবাইল, ৬ হাজার ৬০০টি সিমকার্ড, একটি ল্যাপটপ, ব্যাটারিচালিত অটোরিকশা ও মাইক্রোবাস উদ্ধার করা হয়।

অভিযানকালে একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তাদের হেফাজত থেকে বাঁশের তৈরি মশাল, ব্যানার ও প্লে কার্ডও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...