বিদেশে যেতে চান? সহজ শর্তে মিলছে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ

বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন এমন বাংলাদেশিদের জন্য দারুণ সুখবর দিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে ভাষাশিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দিতে ব্যাংকটি একটি বিশেষ ঋণ কর্মসূচি চালু করেছে। এর আওতায় যোগ্য আবেদনকারীরা কোনো ধরনের জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, এই ঋণের টাকা দিয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি টিউশন ফি পরিশোধ করা যাবে। এছাড়া বিদেশে অবস্থানকালীন থাকা-খাওয়ার খরচ এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্যও এই অর্থ ব্যবহার করতে পারবেন আগ্রহীরা। বিশেষ করে কোরিয়া, জাপান, চীন ও জার্মানি যেতে ইচ্ছুক শিক্ষার্থী এবং কর্মীদের জন্য এই সুবিধাটি অত্যন্ত লাভজনক হবে বলে মনে করা হচ্ছে।
এই ঋণের জন্য আবেদনকারীকে ওই শাখার স্থানীয় বাসিন্দা হতে হবে এবং তার বয়স ৪০ বছরের নিচে হতে হবে। এছাড়া যে দেশে যাওয়ার ইচ্ছা, সেই দেশের কোনো প্রতিষ্ঠান থেকে অফার লেটার এবং ন্যূনতম মধ্যম পর্যায়ের ভাষাগত দক্ষতার সনদ (যেমন জাপানের জন্য এন-৫ বা দক্ষিণ কোরিয়ার জন্য টিওপিআইকে লেভেল ৩) জমা দিতে হবে। পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এই ঋণের আবেদনের অপরিহার্য অংশ। এই ঋণের সুদের হার বার্ষিক ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে এবং ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ৩ বছর। বিস্তারিত জানতে হেল্পলাইন ১৬২৩৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

