র্যাবের অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬৪ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
বুধবার (১ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। মোসা. তাহেরা খাতুন (৪১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার উজানপাড়া এলাকার বাসিন্দা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার মাধ্যমে একটি সক্রিয় মাদক চক্র পরিচালিত হচ্ছিল বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানে উদ্ধারকৃত ৬৪ গ্রাম হেরোইনের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক আসামিকে গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-১০ জানায়, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি করছে। এ কারণে মাদক নির্মূলে র্যাব কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

