রাতেই ঢাকাসহ ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, বাড়বে গরম

প্রাইম বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৬ ১১:০৫ পিএম
রাতেই ঢাকাসহ ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, বাড়বে গরম

চৈত্রের প্রখর রোদে দেশজুড়ে তীব্র গরম অনুভূত হচ্ছে, যার মধ্যে স্বস্তি আনতে পারে বৃষ্টি। তবে এই বৃষ্টির সঙ্গে ঝুঁকিও থাকছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে ঢাকাসহ ছয়টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝড়ের সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, খুলনা ও কুমিল্লা অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই দমকা বাতাস প্রবাহিত হবে। অন্যদিকে, আগামী ৫ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, রংপুর, খুলনা ও সিলেট বিভাগে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। শনিবার সারাদেশেই বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। রোববার থেকে মঙ্গলবার পর্যন্তও বিভিন্ন বিভাগে অস্থায়ী দমকা বাতাস ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় আরিচায় ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা ছিল সর্বোচ্চ। ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে তাপমাত্রা এখনো উচ্চ পর্যায়েই রয়েছে। বৃহস্পতিবার বান্দরবানে সর্বোচ্চ ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৩ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...