আসিয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের সর্বোচ্চ গুরুত্ব

প্রাইম বার্তা অনলাইন
১১ আগস্ট ২০২৬ ৭:৩৬ এএম
আসিয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের সর্বোচ্চ গুরুত্ব

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, প্রতিবেশী ও ঘনিষ্ঠ অংশীদার হিসেবে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক ও সাংস্কৃতিক গভীর সম্পর্ক। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে বর্তমানে সৃষ্ট শক্তিশালী জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক যোগাযোগ এই সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। পারস্পরিক কল্যাণের স্বার্থে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার সম্পূর্ণ অঙ্গীকারাবদ্ধ।

সোমবার রাতে রাজধানীর গুলশানে অবস্থিত রেনেসাঁ ঢাকা হোটেলে আসিয়ানের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে নিযুক্ত আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের সংগঠন আসিয়ান ঢাকা কমিটি (এডিসি) এই অনুষ্ঠানের আয়োজন করে। মন্ত্রী উল্লেখ করেন, স্থল ও সমুদ্রপথে যোগাযোগ বৃদ্ধির ফলে দুই পক্ষের মধ্যে পারস্পরিক বিশ্বাস আরও বেড়েছে যা ভবিষ্যতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার আসিয়ান রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান তিনি। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর দুই পক্ষের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। খাতভিত্তিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার (এসডিপি) হওয়ার জন্য আবেদন করেছে। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১০ লাখ মার্কিন ডলারের একটি যৌথ প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...