কুমিল্লায় কৃষিমন্ত্রী, জনসাধারণের সঙ্গে সদাচরণের আহ্বান

প্রাইম বার্তা অনলাইন
২৩ মার্চ ২০২৬ ১০:২৯ পিএম
কুমিল্লায় কৃষিমন্ত্রী, জনসাধারণের সঙ্গে সদাচরণের আহ্বান

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীল আচরণ করা এবং তাদের আস্থা অর্জন করা সরকারের জন্য অত্যন্ত জরুরি। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৭ বছর দেশ পরিচালনাকারীদের বিরুদ্ধে মানুষের মধ্যে গভীর অসন্তোষ ছিল। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে মানুষ আন্দোলন করেছে এবং বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তাই এই আস্থার মূল্য দিতে হবে। তিনি বিশ্বাস করেন, কর্ম ও আচরণের মাধ্যমে জাতীয়তাবাদী দল জনগণের মন জয় করতে পারবে এবং অতীতের স্বৈরাচারী সরকারের কথা মানুষ ভুলে যাবে। কুমিল্লা ও দেশকে সুন্দর ও উন্নত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে হাজী আমিন বলেন, প্রধানমন্ত্রী তাকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তিনি ঈমানের দায়িত্ব হিসেবে এগুলো যথাযথভাবে পালন করতে চান। এ সময় অনুষ্ঠানে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান এবং বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...