নির্বাচন ও রমজানকে কেন্দ্র করে মাদ্রাসায় টানা ৪৬ দিনের দীর্ঘ ছুটি

প্রাইম বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১:২৩ পিএম
নির্বাচন ও রমজানকে কেন্দ্র করে মাদ্রাসায় টানা ৪৬ দিনের দীর্ঘ ছুটি

দেশের সব মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাস উপলক্ষে টানা ৪৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ছুটি শেষ হবে ২৮ মার্চ। ফলে মার্চের শেষ সপ্তাহের আগে মাদ্রাসাগুলোতে কোনো শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে না। দীর্ঘ এই বিরতির পর আগামী ২৯ মার্চ থেকে আবার নিয়মিত পাঠদান শুরু হবে।

এক দফা ছুটি শেষ হতে না হতেই যুক্ত হচ্ছে অন্য ছুটি। আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচনের সাধারণ ছুটির পর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক বন্ধ রয়েছে। এরপরই ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এরই মধ্যে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ১৭ মার্চ শব-ই-কদর পালিত হবে। পরবর্তীতে মার্চ মাসে জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর এবং স্বাধীনতা দিবসের ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কার্যত প্রায় দেড় মাস ধরে পাঠদান বন্ধ থাকবে।

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এটি একটি বিরাট অবকাশ, যা সাধারণত গ্রীষ্মকালীন ও ঈদুল আজহার ছুটির চেয়েও দীর্ঘমেয়াদী। অন্যদিকে, আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত মোট ১৫ দিন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকবে। তবে এবার নির্বাচনী ব্যস্ততা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য একই সময়ে মিলেছে, যার প্রভাবে শিক্ষার্থীরা দীর্ঘ সময় পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...