শহীদ হাদির মরদেহ রাখা হবে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে
দেশে আনার পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে সংরক্ষণ করা হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ পৌঁছানোর পর ইনকিলাব মঞ্চ এই সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিশ্চিত করে সংগঠনটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশ করে। পোস্টে জানানো হয়, বিমানবন্দর থেকে মরদেহবাহী গাড়ি সরাসরি হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারের উদ্দেশে রওনা হয়েছে।
ইনকিলাব মঞ্চ জানায়, হিমাগারে মরদেহ সংরক্ষণের পর সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ এলাকায় অবস্থান নেবেন। একই সঙ্গে সংগঠনটি জানায়, পরিবারের অনুরোধে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এই সিদ্ধান্তের কারণে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ শহীদ হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে বলে জানায় ইনকিলাব মঞ্চ।
এদিকে সারাদেশের নেতাকর্মী ও ছাত্র-জনতার প্রতি শান্ত ও শৃঙ্খলাবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। কোনো গোষ্ঠী যেন আন্দোলনে অনুপ্রবেশ করে সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, মরদেহ দেখার সুযোগ থাকবে না। সবাইকে শৃঙ্খলা বজায় রেখে শহীদ ওসমান হাদির জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

