পাংশায় অস্ত্রোপচারে তরুণীর পেট থেকে ১৭ কেজি ওজনের টিউমার অপসারণ
রাজবাড়ীর পাংশায় এক তরুণীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় ১৭ কেজি ওজনের একটি বিশাল টিউমার অপসারণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে পাংশা উপজেলা পরিষদ সংলগ্ন এন আর ক্লিনিকে এ সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
অস্ত্রোপচারটি পরিচালনা করেন এন আর ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. আলহাজ্ব নাসির উদ্দিন। অপারেশনের মাধ্যমে শায়লা (১৯) নামে ওই তরুণীর পেট থেকে টিউমারটি বের করা হয়।
জানা যায়, শায়লা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নলিয়া জামালপুর এলাকার মাহমুদ হোসেনের মেয়ে। বেশ কিছুদিন ধরে তার পেটে অস্বাভাবিক ফোলা এবং তীব্র ব্যথা অনুভূত হচ্ছিল। তবে প্রথমদিকে বিষয়টি গুরুত্ব না দেওয়ায় ধীরে ধীরে সমস্যাটি বাড়তে থাকে।
পরবর্তীতে ব্যথা ও পেটের ফোলাভাব বেড়ে গেলে তিনি চিকিৎসার জন্য পাংশার এন আর ক্লিনিকে আসেন। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকরা তার পেটে বড় আকারের একটি টিউমার থাকার বিষয়টি নিশ্চিত হন।
এ বিষয়ে ডা. আলহাজ্ব নাসির উদ্দিন জানান, রোগী পেটে ফোলাভাব ও ব্যথার সমস্যার কথা জানিয়ে ক্লিনিকে আসেন। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বড় আকারের একটি টিউমার শনাক্ত করা হয়। পরে দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় ১৭ কেজি ওজনের টিউমারটি অপসারণ করা সম্ভব হয়েছে।
বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানান তিনি।

