ভারতে না খেলার দৃঢ় অবস্থান, সোমবারের মধ্যে আইসিসির সিদ্ধান্ত
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বাইরে শ্রীলঙ্কায় টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখছে বোর্ড। যদি ভেন্যু বদলানো না হয়, তবে গ্রুপ পর্বের চার দলকে ওয়াকওভার দিয়ে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের সম্ভাবনাও রয়েছে। বিসিবি আশা করছে, আগামী সোমবারের মধ্যেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি তাদের আবেদনের বিষয়ে জানাবে। শনিবার সারাদিন ই-মেইলের মাধ্যমে আইসিসির উত্তরের অপেক্ষা করলেও তেমন কোনো সাড়া পাওয়া যায়নি।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক উত্তেজনার কারণে ভারতে খেলতে অনাগ্রহী বাংলাদেশ। এরই মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবির সমালোচনা করলে বোর্ডের এক পরিচালক তাকে ‘ভারতের দালাল’ বলে অভিহিত করেন। যা নিয়ে ক্রিকেটারদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ওই পরিচালকের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানালেও পরিচালক নাজমুল ইসলাম জানিয়েছেন, ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না।
বিসিবির এক পরিচালক জানিয়েছেন, আইসিসি ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলেই তারা আশাবাদী এবং নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসছে না। তবে বাস্তবতা হলো, ভেন্যু পরিবর্তনের বিষয়ে এখনো নীরব আইসিসি। ফলে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে তীব্র সংশয়। মোস্তাফিজ ইস্যু, বোর্ডের অনড় অবস্থান এবং আইসিসির দীর্ঘশূত্রিতা—এই তিন কারণে টাইগারদের বিশ্বকাপ অভিযান এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

