মুশফিকের পুরনো ভুলের ছায়া ডাচদের ম্যাচে, রান আউট হয়েও বেঁচে গেলেন ব্যাটার

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১:৩৮ পিএম
মুশফিকের পুরনো ভুলের ছায়া ডাচদের ম্যাচে, রান আউট হয়েও বেঁচে গেলেন ব্যাটার

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের একটি পুরনো স্মৃতি ফিরে এসেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে নামিবিয়ার ম্যাচে ডাচ উইকেটকিপার স্কট অ্যাডওয়ার্ডস ২০১৯ সালে মুশফিকুর রহিমের করা একটি মারাত্মক ভুলের পুনরাবৃত্তি ঘটিয়েছেন। বল হাতে না পেয়েই তিনি স্টাম্প ভেঙে দেওয়ায় একটি নিশ্চিত রান আউটের সুযোগ হাতছাড়া হয়েছে।

আজ ম্যাচের প্রথম ওভারেই এই ঘটনা ঘটে। আরিয়ান দত্তের বলে সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেন ইয়ান ফ্রাইলিংক। তবে ঝুঁকিপূর্ণ প্রান্তে থাকা লরেন স্টিনক্যাম্প দেরি করে ফেলেন এবং তিনি ক্রিজ থেকে অনেক দূরে চলে যান। স্কট অ্যাডওয়ার্ডস স্টাম্প ব্যাকওয়ার্ডস করলেও আম্পায়ার আউট দেননি কারণ তখনো বল তার হাতে পৌঁছায়নি। বল হাতে পাওয়ার আগেই স্টাম্প ভাঙার কারণে স্টিনক্যাম্প বেঁচে যান।

এই দৃশ্যটি ক্রিকেটপ্রেমীদের মনে করিয়ে দেয় ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সেই ঘটনা। নিউজিল্যান্ডের বিপক্ষে কেন উইলিয়ামসন ঠিক একইভাবে বেঁচে গিয়েছিলেন। মুশফিকুর রহিম বল গ্লাভসে আসার আগেই বেল ফেলে দিয়েছিলেন। ৭ রানে জীবন পাওয়া উইলিয়ামসন পরে ৪০ রান করেন এবং বাংলাদেশ ওই উইকেটটি না পাওয়ায় ম্যাচের লাগাম হাতছাড়া করে ফেলেছিল।

তবে এই ভুলের খেসারত মুশফিকের তুলনায় কম হয়েছে নেদারল্যান্ডসের। ২ রানে জীবন পাওয়া লরেন স্টিনক্যাম্প দীর্ঘক্ষণ ক্রিজে টিকতে পারেননি এবং মাত্র ৬ রান করে আউট হয়ে যান। ফলে উইলিয়ামসনের মতো বড় কোনো ক্ষতি করতে পারেননি তিনি এবং ডাচরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...