পাকিস্তানে অস্ট্রেলিয়ার ‘বি’ দল, ক্ষুব্ধ সাবেক ক্রিকেটাররা

প্রাইম বার্তা অনলাইন
৩১ জানুয়ারি ২০২৬ ৩:৫০ পিএম
পাকিস্তানে অস্ট্রেলিয়ার ‘বি’ দল, ক্ষুব্ধ সাবেক ক্রিকেটাররা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে পাকিস্তান সফরে গেছে অস্ট্রেলিয়া দল। তবে প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল ও জশ হ্যাজেলউডের মতো প্রধান তারকারা এই সফরে নেই। তাদের বদলে বিশ্বকাপ দলের বাইরের খেলোয়াড়দের নিয়ে গঠিত অস্ট্রেলিয়ার এই দলকে ‘বি’ দল বলা হচ্ছে, যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। তাদের অভিমত, বিশ্বকাপের ঠিক আগে এমন দল পাঠানো স্বাগতিকদের প্রতি অসম্মান জানানোর শামিল।

ক্রিকেট অস্ট্রেলিয়া ইনজুরির কারণ দেখালেও বাস্তবতা হলো, এই সিরিজে বেশ কিছু নতুন ও অনভিজ্ঞ খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে। শন অ্যাবট, মাহলি বিয়ার্ডম্যান বা জ্যাক এডওয়ার্ডসদের মতো খেলোয়াড়রা রয়েছেন দলে। এমনকি প্রথম ম্যাচের একাদশে অধিনায়ক মিচেল মার্শ ও মার্কাস স্টয়নিসকেও রাখা হয়নি। সাবেক অধিনায়ক মঈন খান বলেছেন, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো অস্ট্রেলিয়াও এখন দুর্বল দল পাঠিয়ে সিরিজের আনুষ্ঠানিকতা সারছে। একই সুর শোনা গেছে ওমাইর আলাভি ও হারুন রশিদের মুখেও। তারা একে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের জন্য লজ্জাজনক ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন।

তবে মাঠের পারফরম্যান্সে এই বিতর্কের প্রভাব পড়েনি। প্রথম ম্যাচে সহজেই জয় পেয়েছে পাকিস্তান। আজ শুক্রবার লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হবে। এই সিরিজের পরই আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল লড়াই।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...