ফুটবল ট্রান্সফারে ইতিহাস, এক বছরে ব্যয় ১ লাখ ৬০ হাজার কোটি!

প্রাইম বার্তা অনলাইন
২৯ জানুয়ারি ২০২৬ ৮:০৯ পিএম
ফুটবল ট্রান্সফারে ইতিহাস, এক বছরে ব্যয় ১ লাখ ৬০ হাজার কোটি!

বিশ্ব ফুটবলে খেলোয়াড় কেনার বাজারে যেন বন্যা বয়ে গেছে। গত ২০২৫ সালে আন্তর্জাতিক ট্রান্সফার মার্কেটে এমন পাহাড়প্রমাণ অর্থ খরচ হয়েছে যা এর আগে কখনো দেখা যায়নি। ফিফার রিপোর্ট অনুযায়ী, পুরুষদের ফুটবলে ক্লাবগুলো আন্তর্জাতিক ট্রান্সফারে মোট ৯.৪৯ বিলিয়ন পাউন্ড বা সোয়া ১ লাখ ৬০ হাজার কোটি টাকা ব্যয় করেছে। এই বিপুল অঙ্কের খরচ এখন পর্যন্ত ফুটবল ইতিহাসের যেকোনো সময়ের রেকর্ড ভেঙে দিয়েছে।

এর আগে সর্বোচ্চ খরচের রেকর্ডটি ছিল ২০২৩ সালের। সে সময় মোট খরচ হয়েছিল প্রায় ৭.০১ বিলিয়ন পাউন্ড। ২০২৫ সালের এই ব্যয় সেই রেকর্ডকেও অনেক পেছনে ফেলেছে। এই তালিকায় শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ইংলিশ ক্লাবগুলো গত বছর এক হিসাবে প্রায় ২.৭ বিলিয়ন পাউন্ড খরচ করেছে, যা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। জার্মানি ও ইতালির ক্লাবগুলোও এক বিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছে। অন্যদিকে খরচের পাশাপাশি ইংলিশ ক্লাবগুলো খেলোয়াড় বিক্রি করেও আয় করেছে প্রায় ১.২৮ বিলিয়ন পাউন্ড।

এই বাজারে নারী ফুটবলও পিছিয়ে নেই। নারীদের ফুটবলে খরচ বেড়েছে আগের বছরের তুলনায় প্রায় ৮০ শতাংশ। সব মিলিয়ে পেশাদার ও অপেশাদার ফুটবলে গত বছর মোট ৮৬ হাজারেরও বেশি আন্তর্জাতিক ট্রান্সফার সম্পন্ন হয়েছে। এই পরিসংখ্যান স্পষ্ট করে যে, ক্লাবগুলোর আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক খেলোয়াড় বাজারের গুরুত্ব দিন দিন কতটা বৃদ্ধি পাচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...