বিশ্বকাপ জটিলতায় বাংলাদেশ, সমর্থনে নাজাম শেঠির মন্তব্য
আসন্ন আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ নিয়ে তৈরি হয়েছে বড়সড় জটিলতা। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি শুক্রবার প্রকাশ্যে বর্তমান চেয়ারম্যান মহসিন নকভির পাশে দাঁড়িয়েছেন।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজনের কথা রয়েছে। মূলত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর এই সংঘাত তীব্র হয়। এরই মধ্যে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এমনকি শোনা যাচ্ছে, টাইগারদের এই পদক্ষেপের প্রতিবাদে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করতে পারে। বিসিবি আইসিসির ডিসপিউট রেজুলেশন কমিটিতে আপিল করলেও আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি সূচি পরিবর্তনে অনাগ্রহ প্রকাশ করেছে।
এ বিষয়ে নাজাম শেঠি জানান, বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, এখন পিসিবি কী পদক্ষেপ নেয় তা দেখার বিষয়। মহসিন নকভির ওপর পূর্ণ আস্থা রেখে তিনি বলেছেন, নকভি ক্রিকেট বোঝেন এবং তিনি যা সিদ্ধান্ত নেবেন তা সঠিক হবে। শেঠির মতে, বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশগুলো যদি একত্রে দাঁড়ায়, তবে আইসিসিকে বুঝতে হবে যে সংস্থাটির নাম ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’, কোনো ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ নয়।

