ভারত এড়িয়ে শ্রীলঙ্কায় গ্রুপ পরিবর্তনের প্রস্তাব বিসিবির
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার অবস্থান থেকে সরে এসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে নতুন এক সমাধানের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার রাজধানীর গুলশানের একটি পাঁচতারকা হোটেলে আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ দলকে বি গ্রুপে স্থানান্তর করা হলে তারা সহ-আয়োজক শ্রীলঙ্কায় তাদের সবগুলো ম্যাচ খেলতে পারবে, যা নিরাপত্তার স্বার্থে সবচেয়ে বাস্তবসম্মত সমাধান।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে আইসিসির দুর্নীতি দমন বিভাগের অন্তর্বর্তীকালীন মহাব্যবস্থাপক অ্যান্ড্রু এফগ্রেভ সরাসরি উপস্থিত থাকলেও ভিসা জটিলতার কারণে জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা ভার্চুয়ালি যুক্ত হন। বিসিবির পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এই আলোচনায় অংশ নেন। বৈঠকে দল, সমর্থক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের উদ্বেগের কথাও তুলে ধরা হয়। উগ্রবাদীদের চাপে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই ভারতে খেলার বিরোধিতা করে আসছে বিসিবি।
দীর্ঘ আলোচনার পর দুই পক্ষই সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। আইসিসি প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করে ফিরে গিয়ে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিসিবি আশা করছে, লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় গ্রুপে স্থানান্তর করা সম্ভব হবে এবং এই ইস্যুতে অচিরেই একটি ইতিবাচক ফলাফল আসবে।

