রাজবাড়ীর পাংশায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, ১২০১ পরিবার পেল আর্থিক সহায়তা

মো. আকাশ মাহমুদ, পাংশা (রাজবাড়ী)
১০ মার্চ ২০২৬ ৩:৫৯ পিএম
রাজবাড়ীর পাংশায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, ১২০১ পরিবার পেল আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রীর ঘোষিত সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর পাংশা উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রথম ধাপে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর ঝিকড়ি গ্রামের ১ হাজার ২০১টি উপকারভোগী পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পাংশা উপজেলা পরিষদ চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ হারুন এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ ও রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা গেছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং পর্যায়ে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়। যাচাই-বাছাই শেষে ১ হাজার ২০১টি পরিবারকে উপকারভোগী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। এই কর্মসূচির আওতায় পরিবারগুলো প্রতি মাসে আর্থিক সহায়তা পাবে এবং ইতোমধ্যে তাদের মোবাইল অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা পাঠানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কার্ড গ্রহণের সময় উপকারভোগী রহিমা খাতুন আবেগাপ্লুত হয়ে বলেন, সকালে অনুষ্ঠানে আসার পথে ভ্যানে থাকতে থাকতেই তার মোবাইলে ২ হাজার ৫১৫ টাকা এসেছে। “টাকা পেয়ে যেন মরা মানুষ তাজা হয়ে গেছে,”—এমন মন্তব্য করে তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মাত্র এক মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তিনি জানান, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ এবং খাল খনন কর্মসূচিরও উদ্বোধন শিগগিরই করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম রাজবাড়ী জেলার নদীবেষ্টিত অবস্থান বিবেচনায় একটি পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের জন্য দ্রুত পরিকল্পনা গ্রহণের দাবি জানান।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

এ সময় উপজেলার উপকারভোগী পরিবার, জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে কৃষকদের জন্য চালু হওয়া পাইলটিং প্রকল্পের আওতায় ‘কৃষি কার্ড’ কর্মসূচির জন্য রাজবাড়ী-১ আসনের গোয়ালন্দ উপজেলার একটি ওয়ার্ডও নির্বাচন করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...