সংসদেই কার্যকর হবে গণভোটের ফল, শপথের দরকার নেই: এ্যানি

প্রাইম বার্তা অনলাইন
২১ ফেব্রুয়ারি ২০২৬ ৪:১৭ পিএম
সংসদেই কার্যকর হবে গণভোটের ফল, শপথের দরকার নেই: এ্যানি

গণভোটে বিজয়ী হওয়া ‘হ্যাঁ’ ভোটটি সংসদে বসামাত্রই স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে এবং এর জন্য নতুন করে শপথ গ্রহণের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সংসদ সদস্যরা ইতোমধ্যে শপথ নিয়েছেন এবং গণভোটে ‘হ্যাঁ’ পক্ষ জয়লাভ করায় পার্লামেন্টে বিলটি উত্থাপিত হলেই তা আইনে পরিণত হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গণভোটের ‘না’ ভোট এবং জমা দেওয়া নোট অব ডিসেন্টগুলো সংসদে আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে। এটি হবে জুলাই জাতীয় সনদ এবং জনসাধারণের সিদ্ধান্ত সমুন্নত রাখতে সংসদেই এর চূড়ান্ত সমাধান হবে।

দেশের উন্নয়ন ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দলকেও ধৈর্য ও আন্তরিকতার সাথে সরকারের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মব বা জনতা সৃষ্টি করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা দেশের জন্য ক্ষতিকর এবং এটি দেশপ্রেমিকদের কাজ হতে পারে না।

এ সময় তার সাথে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, জজকোর্টের পাবলিক প্রসিকিউটর আহমদ ফেরদৌস মানিক এবং জেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...