টাঙ্গাইলের এক শিকড়ে তিন সাংসদ, দুই মন্ত্রীর দাপট

প্রাইম বার্তা অনলাইন
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৮ এএম
টাঙ্গাইলের এক শিকড়ে তিন সাংসদ, দুই মন্ত্রীর দাপট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলায় এক বিরল ও আলোচিত ঘটনা ঘটেছে। গোপালপুর ও ভূঞাপুরের একই রাজনৈতিক শিকড় থেকে তিনজন নেতা টাঙ্গাইল-১, ২ ও ৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে দুজন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে এলাকার মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।

টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন এবং টাঙ্গাইল-৫ আসনের এমপি সুলতান সালাউদ্দিন টুকু মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। স্বপন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, অন্যদিকে টুকু কৃষি মন্ত্রণালয়ের উপমন্ত্রী হয়েছেন। আরেকজন সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন। পিন্টু ও টুকু সহোদর ভাই এবং তাদের বাড়ি গোপালপুরের অরজুনা গ্রামে। অন্যদিকে, স্বপন ফকির ভূঞাপুরের নিকরাইল গ্রামের বিখ্যাত রাজনৈতিক পরিবারের সন্তান।

দীর্ঘ রাজনৈতিক পথচলা শেষে ফকির মাহবুব আনাম স্বপন প্রথমবারের মতো সংসদে প্রবেশ করেই মন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছেন। একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করা টুকু এবার এমপি হয়েই উপমন্ত্রীর দায়িত্ব পেলেন। একই এলাকার তিন প্রতিনিধির এমন সাফল্য এবং দুজন মন্ত্রী পদ পাওয়ায় টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের বিশ্বাস, কেন্দ্রে এই শক্তিশালী উপস্থিতি জেলার উন্নয়নের গতি বাড়িয়ে দেবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...