শেরপুর-১ আসনে জামায়াতের ঐতিহাসিক জয়, ৩০ বছরের আওয়ামী লীগ দুর্গ ধস
শেরপুর-১ (সদর) আসনে ব্যাপক চমক দেখিয়েছে জামায়াতে ইসলামী। দীর্ঘ তিন দশক ধরে আওয়ামী লীগের দখলে থাকা এই আসনটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম নিজের করে নিয়েছেন। এর ফলে গত ৩০ বছরের আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটল। অন্যদিকে, বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করা আলোচিত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পরাজয়ের শিকার হয়েছেন।
বিজয়ী প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি এলাকায় ফিরে আসেন এবং একটানা নির্বাচনি প্রচারণা চালিয়ে যান। এর আগে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালে এই আসনে জামায়াত প্রার্থী হলেও তারা জয়লাভ করতে পারেননি। চার দলীয় জোটের অংশ হিসেবে ২০০১ ও ২০০৮ সালে এই আসনটি জামায়াতকে ছেড়ে দিয়েছিল বিএনপি, কিন্তু তৎকালীন জামায়াত নেতা কামারুজ্জামান জয়ের মুখ দেখেননি।
শেরপুর-১ আসনের রাজনৈতিক ইতিহাস বরাবরই দ্বন্দ্বপূর্ণ। ১৯৭৯ সালে তৎকালীন মন্ত্রী খন্দকার আব্দুল হামিদ বিএনপির টিকেটে এখান থেকে নির্বাচিত হয়েছিলেন। এরপর ১৯৮৬ ও ১৯৯১ সাল পর্যন্ত আসনটি জাতীয় পার্টির দখলে ছিল। অবশেষে ১৯৯৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ছয় মেয়াদে আসনটি আওয়ামী লীগের দখলে ছিল, যার অবসান ঘটল এবার।

