কৃষকের ঘামের গন্ধ আতরের মতো: কিশোরগঞ্জে ডা. শফিকুর

প্রাইম বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৪৪ পিএম
কৃষকের ঘামের গন্ধ আতরের মতো: কিশোরগঞ্জে ডা. শফিকুর

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, কৃষক ও শ্রমজীবী মানুষের প্রতি সম্মান দেখানো তার ঈমানি দায়িত্ব। তিনি বলেন, নিজে কৃষক পরিবারের সন্তান হওয়ায় কৃষককে অসম্মান করা তার কাছে বাবাকে অপমান করার শামিল মনে হয়। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাগ এলাকায় দলীয় কর্মী শাহ আলমের স্মরণসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে আরও বলেন, সাধারণ মানুষের ঘামের গন্ধ তার কাছে আতরের চেয়েও সুগন্ধি মনে হয়। অনেকে গরিব মানুষের সঙ্গে হাত মেলানোর পর পরিষ্কার করতে যান, কিন্তু তিনি তাদের সেই ঘামকে ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেন। তিনি জানান, ফেরেশতাদের মতো নিষ্পাপ শিশু এবং রক্ত-ঘাম ঝরিয়ে সংসার চালানো শ্রমিকদের সান্নিধ্যে এসে তিনি অত্যন্ত শান্তি পান। এ সময় তিনি মৃত কর্মী শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

এর আগে রোববার সকালে কিশোরগঞ্জ শহরে পৌঁছান ডা. শফিকুর। পরে তিনি নিকলী উপজেলার ছাতিরচরে সড়ক দুর্ঘটনায় নিহত আরেক কর্মী আব্দুস ছালামের বাড়িতে যান। গত ৩ ফেব্রুয়ারি কটিয়াদীতে এবং ৮ ফেব্রুয়ারি ইটনায় জামায়াতের নির্বাচনি সমাবেশে যাওয়ার পথে যথাক্রমে আব্দুস ছালাম ও শাহ আলম মারা যান। ওই দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতেই তার এই সফর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...