হাঁটলেই মিছিল, বসলেই জনসভা: কক্সবাজারে সালাহউদ্দিনের জয়োৎসব

প্রাইম বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ৯:০৭ পিএম
হাঁটলেই মিছিল, বসলেই জনসভা: কক্সবাজারে সালাহউদ্দিনের জয়োৎসব

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার জনপ্রিয়তা এমন পর্যায়ে যে স্থানীয়রা বলেন, ‘তিনি হাঁটলে মিছিল, বসলে জনসভা’। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল্লাহ আল ফারুককে ৯২ হাজার ২৯১ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন তিনি। এই আসনে মোট ভোট পড়েছে ৬৭ দশমিক ০৬ শতাংশ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সালাহউদ্দিনের এই বিজয়ের পেছনে তার সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং এলাকায় উন্নয়নমূলক কাজের সুনাম প্রধান ভূমিকা রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পাস করে তিনি বিসিএস ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে তৎকালীন প্রধানমন্ত্রীর এপিএস হিসেবে দায়িত্ব পালন করেন সালাহউদ্দিন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলানোর সময় চকরিয়া ও পেকুয়ায় ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন করেন তিনি। সড়ক-সেতুর পাশাপাশি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলায় তিনি এলাকাবাসীর কাছে প্রিয় হয়ে ওঠেন।

দীর্ঘ সাড়ে নয় বছর ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরে তিনি দলীয় কাঠামো মজবুত করেন এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। স্থানীয় বিএনপি নেতা ও সাধারণ মানুষের অভিমত, জনগণের পক্ষে আন্দোলন করতে গিয়ে তিনি যে নির্যাতনের শিকার হয়েছেন, তা মানুষের মনে সহানুভূতি তৈরি করেছে। চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক জানান, শিশু থেকে বৃদ্ধ সবাই তাকে চেনে এবং অগাধ বিশ্বাস করে, যা নির্বাচনের প্রতিটি পথসভায় প্রতিফলিত হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...