বিএনপির নির্বাচনী জয়ে হেফাজতের অভিনন্দন, সেবক হওয়ার আহ্বান

প্রাইম বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৪৪ পিএম
বিএনপির নির্বাচনী জয়ে হেফাজতের অভিনন্দন, সেবক হওয়ার আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ায় তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোটকে অভিনন্দন জানিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় আমীর আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এই শুভেচ্ছা জ্ঞাপন করেন। একইসঙ্গে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি সুষ্ঠু ভোট আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়।

হেফাজত নেতারা বলেন, রাষ্ট্র ক্ষমতা হলো আল্লাহর পক্ষ থেকে অর্পিত একটি গুরুত্বপূর্ণ আমানত। এই দায়িত্ব পালনে ক্ষমতাসীনদের নিজেদেরকে জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে হবে, কেবল শাসক হিসেবে নয়। তারা আশা প্রকাশ করেন, নতুন সরকার মসজিদ-মাদ্রাসার স্বার্থ রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতেও তারা সরকারের প্রতি সহযোগিতার আশ্বাস দেন।

নির্বাচনের পর দেশজুড়ে সংঘটিত সহিংসতা ও নৈরাজ্যের নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তারা। জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান দিয়ে তরুণ সমাজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেন হেফাজত নেতারা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি মানুষের মাঝে পারস্পরিক সম্মান ও সহনশীলতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...