বিএনপি জোটকে হেফাজতের অভিনন্দন, শাসক নয় সেবক হওয়ার আহ্বান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোটকে অভিনন্দন জানিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় আমীর আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। একইসঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিবৃতিতে রাষ্ট্র ক্ষমতাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি মহান আমানত হিসেবে আখ্যায়িত করে হেফাজত নেতারা বলেছেন, এটি কোনো সম্মানের পদক নয় বরং জনগণের হক আদায়ের গুরুদায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, নতুন সরকার সততা ও দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করবে। দেশের সার্বভৌমত্ব ও ইসলামি মূল্যবোধ রক্ষার পাশাপাশি মসজিদ-মাদ্রাসা সংরক্ষণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের মাগফিরাত কামনা করা হয়।
নির্বাচন পরবর্তী সহিংসতা ও নৈরাজ্য বন্ধে কঠোর কিন্তু ন্যায়ভিত্তিক পদক্ষেপ গ্রহণের জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। হেফাজত নেতারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য পরিহার করে পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে। তারা ক্ষমতাসীনদের উদ্দেশ্যে বলেন, নিজেদের শাসক না ভেবে জনগণের সেবক হিসেবে গণ্য করা উচিত এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

