নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন, সেবক হওয়ার আহ্বান হেফাজতের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ায় তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোটকে অভিনন্দন জানিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় আমীর আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই শুভেচ্ছা জ্ঞাপন করেন। একইসঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
রাষ্ট্র ক্ষমতাকে আল্লাহর এক মহান আমানত হিসেবে উল্লেখ করে হেফাজত নেতারা বলেন, এই দায়িত্ব পালনে নতুন সরকারকে ন্যায়-ইনসাফ ও সততার পরিচয় দিতে হবে। তারা আশা প্রকাশ করেন, মসজিদ-মাদ্রাসা রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বে প্রশাসন কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ইসলামি মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে সাহসী পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।
নির্বাচন-পরবর্তী সহিংসতা ও নৈরাজ্যের নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, এধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের জন্য ক্ষতিকর। সন্ত্রাস দমনে নতুন সরকারকে কঠোর অথচ ন্যায়ভিত্তিক পদক্ষেপ নিতে হবে। এছাড়া তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক পোস্ট এড়িয়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়। দেশের সার্বিক শান্তি ও উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন হেফাজতের শীর্ষ দুই নেতা।

