ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ে হেফাজতের অভিনন্দন, সেবক হওয়ার তাগিদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ায় বিএনপি জোটের নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জারি করা এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় আমীর আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি শুভকামনা ব্যক্ত করেছেন। একইসাথে নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্র ক্ষমতাকে মহান আল্লাহর এক মহান আমানত হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এই দায়িত্ব পালনে শাসকদের জনগণের অধিকার আদায় করতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কোনো সম্মান লাভের মাধ্যম নয়, বরং এটি এক কঠিন জিম্মাদারি। তাই তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ইসলামি মূল্যবোগ ও সার্বভৌমত্ব সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার আশা ব্যক্ত করেছেন হেফাজত নেতারা। মসজিদ-মাদ্রাসার স্বার্থ রক্ষা ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের জন্যও বিশেষ দোয়া চাওয়া হয়।
নির্বাচনের পর দেশে সৃষ্ট সহিংসতা ও নৈরাজ্য কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন সংগঠনটির শীর্ষ দুই নেতা। তারা বলেন, এই অরাজকতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর। এমন পরিস্থিতি মোকাবিলায় নতুন সরকারকে কঠোর কিন্তু ন্যায়ভিত্তিক পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তরুণ সমাজকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উস্কানি ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তারা। পরিশেষে বিবৃতিতে ক্ষমতাসীনদের উদ্দেশ্যে বলা হয়, তারা যেন নিজেদেরকে শাসক হিসেবে নয় বরং জনগণের সেবক হিসেবে গণ্য করে দায়িত্ব পালন করেন।

