বিএনপির বিজয়ে হেফাজতের শুভেচ্ছা, ক্ষমতাকে আমানত জেনে সেবা করার আহ্বান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জনের জন্য তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোটকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় আমীর আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এই অভিনন্দন জ্ঞাপন করেন। একইসাথে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং নির্বাচন পরিচালনায় নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিতে হেফাজত নেতৃবৃন্দ উল্লেখ করেন, রাষ্ট্র ক্ষমতা মহান আল্লাহর পক্ষ থেকে অর্পিত এক বিশাল আমানত, যা কোনো সম্মানের প্রতীক নয়। জনগণের ভোটে নির্বাচিতদের উচিত নিজেদের শাসক মনে না করে জনগণের সেবক হিসেবে কাজ করা এবং সততা ও দক্ষতার সাথে দেশ পরিচালনা করা। তারা আশা প্রকাশ করেন, নতুন সরকার মসজিদ-মাদ্রাসা রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা রাখবে।
এছাড়াও নির্বাচন পরবর্তী সহিংসতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। হেফাজত নেতারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। তারা সব রাজনৈতিক মতের প্রতি সহনশীলতা দেখাতে এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

