জাতীয় সংসদ চলবে গ্রিডবিহীন সৌরবিদ্যুতে, সরকারের নতুন পরিকল্পনা
জাতীয় সংসদের সব ধরনের কাজ ভবিষ্যতে কেবল সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালিত করার এক বড় পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে এ তথ্য নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, জাতীয় গ্রিডের ওপর নির্ভর না করেই সংসদের প্রয়োজনীয় সব বিদ্যুৎ সৌর প্রকল্প থেকে সরবরাহ করা হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে দেওয়া নোটিশের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে দেশে জ্বালানি নিরাপত্তা গড়ে তোলার দাবিতে সংসদ সদস্য হেলেন জেরিন খান ওই নোটিশটি দেন।
প্রতিমন্ত্রী জানান, রামপালে ৪৬০ মেগাওয়াট সক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া মাতারবাড়ী কোল পাওয়ার প্রকল্পের অ্যাশ পয়েন্টের জন্য নির্ধারিত জায়গায় ৭০ মেগাওয়াট ক্ষমতার আরেকটি সৌর প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর ফেনীতে সামাজিক সুবিধার কার্ড বিতরণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২৩টি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছে বলেও জানান তিনি। এ উদ্যোগের সঙ্গে বিদ্যুৎ বিভাগও যুক্ত হয়েছে।
সৌরবিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণের ফলে জ্বালানি আমদানিতে ব্যয় হওয়া বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গড়ে ওঠার সুযোগ তৈরি হবে বলে মত প্রতিমন্ত্রীর। তরুণ ও যুব সমাজের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম দায়িত্ব উল্লেখ করে তিনি জানান, সৌরবিদ্যুৎ খাতের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা করা হয়েছে। এতে তরুণরা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে এ খাতে এগিয়ে আসতে পারবেন।

