মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেনাকাটায় জালিয়াতির তদন্তে সংসদীয় কমিটি

প্রাইম বার্তা অনলাইন
০৮ সেপ্টেম্বর ২০২৬ ৮:২৬ পিএম
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেনাকাটায় জালিয়াতির তদন্তে সংসদীয় কমিটি

কেনাকাটায় জালিয়াতি ও অডিট আপত্তির অভিযোগ ঘিরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) বিরুদ্ধে তদন্তে নামছে সংসদ। ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। একই সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ১০টি অডিট আপত্তি চূড়ান্তভাবে নিষ্পত্তির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের সূচনা হয়। সভাপতি, কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচয় পর্ব শেষে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) রিপোর্ট নম্বর-৩৬/২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হয়।

ওই রিপোর্টে বিশ্ববিদ্যালয়টির ২০২০-২১ অর্থবছরের কমপ্লায়েন্স অডিট প্রতিবেদনের ১ থেকে ৮ নম্বর অনুচ্ছেদে উত্থাপিত আপত্তিগুলো নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে আপত্তির সঙ্গে জড়িত অর্থ দ্রুত আদায়ের নির্দেশ দেওয়া হয় এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। নিরীক্ষাকালীন সময়ে দরপত্রের স্পেসিফিকেশন যথাযথভাবে বজায় ছিল কি না, তা সরেজমিনে যাচাইয়ের জন্যই গঠিত হয়েছে তদন্ত কমিটি। এতে রয়েছেন কমিটির সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান, মো. ফজলে হুদা এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। দ্রুত সময়ের মধ্যে স্পেসিফিকেশন যাচাই করে প্রতিবেদন দিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি বৈঠকে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের রিপোর্টভুক্ত অনিষ্পন্ন আপত্তিগুলোর মধ্য থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১০টি বিষয় পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলোর জমা দেওয়া জবাব ও প্রমাণক নিখুঁতভাবে যাচাই-বাছাই শেষে সিএজি কার্যালয়ের সুপারিশের ভিত্তিতে ওই ১০টি আপত্তি চূড়ান্তভাবে নিষ্পত্তির সিদ্ধান্ত নেয় স্থায়ী কমিটি। বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মো. আমানউল্লাহ আমান, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, এ কে এম ফজলুল হক মিলন, মো. হাফিজ ইব্রাহিম, এস কে আজিজুল বারী, মো. মনজুরুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন, সৈয়দ জয়নুল আবেদীন ও মো. রুহুল আমিন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...