ভেনিসে বাঁধনের ওপর হামলা: সংসদে প্রতিবাদ জানালেন বিএনপির এমপি
ইতালির ভেনিসে চলচ্চিত্র অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হওয়া হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ইতালি সরকার ও সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সূচনালগ্নে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই প্রতিবাদ জানান। বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
জহরত আদিব চৌধুরী বলেন, বিষয়টি কারিগরিভাবে পয়েন্ট অব অর্ডারের আওতায় না এলেও বাংলাদেশের মানুষের জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ কারণেই সংসদের বিশেষ ক্ষমতাবলে প্রসঙ্গটি তুলে ধরার অনুমতি চান তিনি। তার ভাষায়, চলচ্চিত্র-সংক্রান্ত একটি আয়োজনে অংশ নিতে বাঁধন ভেনিসে গিয়েছিলেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি এসে তিনি নিজেই ঘটনাটি জানান, যা বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।
এই সংসদ সদস্য জানান, পরিবারের সদস্য ও ছোট সন্তানকে সঙ্গে নিয়ে একটি পার্কে হাঁটার সময় বাঁধন শারীরিক আক্রমণের শিকার হন এবং অত্যন্ত খারাপ ভাষায় তাকে হেনস্তা করা হয়। এর একমাত্র কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বাঁধন একজন ‘জুলাই যোদ্ধা’ এবং জুলাই আন্দোলনের সময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, একজন নারী এবং দেশের পক্ষে অবস্থান নেওয়া একজন শিল্পীর ওপর এমন আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। হামলাকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে যে ঔদ্ধত্য প্রদর্শন করেছে, তা থেকে বোঝা যাচ্ছে, বাংলাদেশে না থাকলেও তারা পৃথিবীর যেকোনো প্রান্তে আইনশৃঙ্খলা ভঙ্গ করতে এবং একজন নারীর ওপর হামলা চালাতে সক্ষম বলে মনে হচ্ছে।

