সংশোধিত এসআরবি বিল সংসদে পেশের অনুমোদন, র্যাবের পথেই নতুন বাহিনী
বিলুপ্ত র্যাবের স্থানে গড়ে ওঠা বিশেষ বাহিনীর জন্য আনা আইন সংসদে উঠতে যাচ্ছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬ সংশোধন করে জাতীয় সংসদে পেশ করার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংসদ ভবনে কমিটির চতুর্থ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিলটির নানা ধারা ও উপধারা খতিয়ে দেখা হয়। দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত সদস্যরা একমত হন, প্রয়োজনীয় সংশোধনীসহ বিলটি সংসদে উপস্থাপন করা হবে। বিলের মূল উদ্দেশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং স্বচ্ছতা নিশ্চিত করা।
বৈঠকে অতীতের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বলা হয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র্যাব) বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এক সময় রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে কাজে লাগানো হয়েছিল। তবে কমিটির সদস্যদের অভিমত, কোনো বাহিনীর অপব্যবহারকে কারণ দেখিয়ে পুরো বাহিনীই বিলুপ্ত করা যুক্তিসঙ্গত সমাধান নয়। বরং বাহিনীর দক্ষ জনবল, বিদ্যমান অবকাঠামো ও সরঞ্জাম দেশের স্বার্থে সঠিকভাবে ব্যবহারের ওপর জোর দেন তারা।
পাশাপাশি নতুন বা পুনর্গঠিত বাহিনীর সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও কাজের জবাবদিহিতা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এদিকে বিরোধী দলের সাম্প্রতিক ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির সময় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতার জন্য বৈঠকে ধন্যবাদ দেওয়া হয়। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ধরে রাখতে বাহিনীর এমন ইতিবাচক মনোভাব অব্যাহত রাখার কথা বলা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, মো. কামরুজ্জামান এমপি, মো. মনোয়ার হোসেন এমপি, শিরীন সুলতানা এমপি, মো. নূরুল ইসলাম এমপি ও মো. আব্দুল বাতেন এমপি অংশ নেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন সেবা সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিলটি সংসদে পাস হলে র্যাবের অবকাঠামো, সরঞ্জাম ও দক্ষ জনবলের ওপর ভিত্তি করে এসআরবির কার্যক্রম শুরু হবে, যার কেন্দ্রে থাকবে জবাবদিহিমূলক ও স্বচ্ছ ব্যবস্থাপনা।

