তেজগাঁওয়ে চোর সন্দেহে যুবকের মৃত্যু, আনসারের পিটুনির অভিযোগ অস্বীকার

প্রাইম বার্তা অনলাইন
০৮ সেপ্টেম্বর ২০২৬ ৮:১৪ পিএম
তেজগাঁওয়ে চোর সন্দেহে যুবকের মৃত্যু, আনসারের পিটুনির অভিযোগ অস্বীকার

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কার্যালয়ে চুরির সন্দেহে আটক এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে, তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনার বিবরণ দিয়ে বিটিসিএলের অফিস সহকারী মো. সাইফুল জানান, সকাল সাড়ে ৭টার দিকে তিন যুবক অফিসের দেয়াল টপকে চুরির উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করে। কর্মকর্তা-কর্মচারীরা সন্দেহভাজনদের ধাওয়া করলে দুজন পালিয়ে যেতে সক্ষম হয়, অন্য একজনকে আটক করে আনসার সদস্যদের কাছে সোপর্দ করা হয়। এরপর বৃষ্টি শুরু হলে আটক যুবককে আনসার ক্যাম্পে রাখা হয়। তার দাবি, সেখানে আনসার সদস্যদের মারধরে ওই যুবক গুরুতরভাবে আহত হন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনা সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিনকে জানানো হয়েছে বলেও তিনি জানান। প্রযুক্তির সহায়তা নিয়ে তার নাম-পরিচয় বের করার চেষ্টা চলছে।

অন্যদিকে, চোর সন্দেহে আটক যুবককে আনসার সদস্যদের পিটিয়ে হত্যা করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। নিহতের পরিচয় ও প্রকৃত মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...