প্রকল্প বাস্তবায়নে কড়া নজরদারির প্রতিশ্রুতি সংসদীয় কমিটির প্রথম বৈঠকে

প্রাইম বার্তা অনলাইন
০৮ সেপ্টেম্বর ২০২৬ ৭:৪৮ পিএম
প্রকল্প বাস্তবায়নে কড়া নজরদারির প্রতিশ্রুতি সংসদীয় কমিটির প্রথম বৈঠকে

জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি যাত্রা শুরু করেছে উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন ও সরকারের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি এ সময় সভাপতিত্ব করেন।

বৈঠকের শুরুতে কমিটি সভাপতি, সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর পরিকল্পনা মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন বিভাগের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রথম বৈঠকেই কমিটির সদস্যরা মন্ত্রণালয়ের অধীনে চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি এবং সামনের দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিশদ পর্যালোচনা করেন।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উন্নয়ন প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংসদীয় কমিটির তৎপরতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি মত দেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে কমিটির সব সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মন্ত্রণালয়ের পাশে থাকতে হবে। একই সঙ্গে সভাপতি জহির উদ্দিন স্বপন আশা প্রকাশ করেন, জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে কমিটি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। কমিটির নিবিড় তদারকিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজে আরও গতি ও স্বচ্ছতা আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি, মঈনুল ইসলাম খান এমপি, মোহাম্মদ ফখরুল ইসলাম এমপি, মো. শওকতুল ইসলাম এমপি, মোছা. ফরিদা ইয়াসমিন এমপি, মো. সাইফুল আলম এমপি এবং মো. রাশেদুল ইসলাম রাশেদ এমপি। এ ছাড়া পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, পরিকল্পনা বিভাগ ও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবগণ, বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরগুলোর মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...