জুলাই সনদের সুফল চান কিন্তু কমিটিতে থাকতে চান না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ৮:৫০ এএম
জুলাই সনদের সুফল চান কিন্তু কমিটিতে থাকতে চান না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গঠিত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদলের অংশগ্রহণে অনীহার সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেন, সরকার সব দাবি মানতে প্রস্তুত থাকা সত্ত্বেও বিরোধীদল কমিটিতে না আসার যে ঘোষণা দিয়েছে, তা সহযোগিতার পরিবর্তে দ্বন্দ্বমূলক মনোভাব। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি আরও বলেন, জুলাই সনদের ভিত্তিতে সব দাবি মেটানোর পরও বিরোধীদল যদি সংবিধান সংশোধন প্রক্রিয়ায় সম্পৃক্ত না হয়, তবে তা আসলে সহযোগিতা বলা যায় না।

এর আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে জানিয়েছিলেন, বিরোধীদলীয় উপ-নেতা সৈয়দ আবদুল্লাহ তাহেরের সঙ্গে ফোনালাপের পর তিনি আশা করেছিলেন যে, বিরোধীদল সংবিধান সংশোধন কমিটিতে থাকবে। এমন আশাবাদের কারণে রোববার কমিটি পুনর্গঠনের প্রক্রিয়াও স্থগিত রাখা হয়। কিন্তু অধিবেশনে দাঁড়িয়েই সৈয়দ আবদুল্লাহ তাহের জানিয়ে দেন যে, তারা এই কমিটিতে অংশ নিতে চান না। এরপরই ফ্লোর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধীদলের এমন অবস্থানের বিরোধিতা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আরও উল্লেখ করেন, স্পিকার নির্বাচনের আগে একটি ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাদের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী বিরোধীদলকে ডেপুটি স্পিকারের পদও প্রস্তাব করেছিলেন। তবে বিরোধীদল তখন সেই প্রস্তাব গ্রহণ করেনি। তিনি বলেন, আমরা জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে, অর্থাৎ সংবিধান সংশোধিত হলে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে প্রস্তুত ছিলাম। কিন্তু সংবিধান সংশোধনের আগেই সরকারের উদারতা ও ইতিবাচক মনোভাব সত্ত্বেও বিরোধীদলের এই অনাগ্রহী মনোভাব দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...