সংসদে কমিটি নিয়ে ধুন্ধুমার: সংবিধান সংশোধনে বোঝাপড়া নিয়ে দুই পক্ষের বাকযুদ্ধ

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ৯:৪৫ এএম
সংসদে কমিটি নিয়ে ধুন্ধুমার: সংবিধান সংশোধনে বোঝাপড়া নিয়ে দুই পক্ষের বাকযুদ্ধ

সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ এবং সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে জাতীয় সংসদে তুমুল বাক্য বিনিময় হয়েছে। গতকাল রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সরকারি দলের পক্ষ থেকে দাবি করা হয়, ফোনালাপের মাধ্যমে বিরোধীদলের সাথে এ বিষয়ে একটি কথোপকথন বা বোঝাপড়া হয়েছিল, যা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।

আলোচনায় অংশ নিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, বিগত ৫৪-৫৫ বছর ধরে বিরোধীদলকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি ছাড়া অন্য কোনো কমিটির সভাপতি পদ দেওয়া হতো না। তবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধনে বিরোধীদলকে অংশ নিতে হবে এবং তারা এতে সম্মত হলে সরকার ১০টি কমিটির সভাপতি পদ ছাড় করতে প্রস্তুত। তিনি বিরোধীদলের উপ-নেতা সৈয়দ আবদুল্লাহ তাহেরের সাথে ফোনালাপের কথা উল্লেখ করে বলেন, ওই আলাপের ভিত্তিতেই গত রোববার কমিটি পুনর্গঠন প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। দেশ গঠনের স্বার্থে খোলামেলা আলোচনার ওপর জোর দেন তিনি।

অন্যদিকে, বিরোধীদলীয় উপ-নেতা সৈয়দ আবদুল্লাহ তাহের স্পষ্ট অবস্থান ব্যক্ত করে জানান, সংবিধান সংশোধন কমিটিতে যোগদানের বিনিময়ে সংসদীয় কমিটির সভাপতি পদ পাওয়ার বিষয়ে তাঁদের সঙ্গে সরকারের কোনো প্রকার সমঝোতা বা দর কষাকষি হয়নি। এ নিয়ে সংসদে সরকার ও বিরোধীদলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে বিষয়টি এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...