সব দাবি মেনেও বিরোধীদের অসহযোগিতা, কমিটিতে আসবে না তারা

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ৭:৪৯ এএম
সব দাবি মেনেও বিরোধীদের অসহযোগিতা, কমিটিতে আসবে না তারা

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধীদলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেন, সরকার সব দাবি মেনে নিলেও বিরোধীদল যদি এই কমিটিতে অংশ না নেয়, তবে তা কোনোভাবেই সহযোগিতা বলা যাবে না। স্পিকার নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে ইফতার মাহফিলে জুলাই সনদ নিয়ে আলোচনা হলেও তারা এখন উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেন তিনি।

অধিবেশনে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ তাহেরের সঙ্গে ফোনালাপের ভিত্তিতে আশা করা হয়েছিল তারা সংবিধান সংশোধন কমিটিতে থাকবেন। এই ধারণায় রোববার কমিটি পুনর্গঠনের প্রক্রিয়াও স্থগিত রাখা হয়। কিন্তু পরে সংসদে দাঁড়িয়ে সৈয়দ আবদুল্লাহ তাহের জানিয়ে দেন, তারা এই কমিটিতে অংশ নেবেন না। এসময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংবিধান অনুযায়ী একজন ডেপুটি স্পিকারের পদ থাকার কথা এবং সরকার তা বিরোধীদলকে অফার করেছিল। সংবিধান সংশোধনের আগেই সরকার তাদের উদারতা ও ইচ্ছার কথা জানিয়েছিল। কিন্তু তারা ওই পদ নিতে রাজি হননি। এখন সবকিছু জুলাই জাতীয় সনদের ভিত্তিতে চাইলেও বাস্তবায়নের স্বার্থে সহযোগিতা না করা দুই বিপরীতমুখী বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...