সংসদে কমিটি নিয়ে ধোঁয়াশা: ফোনালাপের বোঝাপড়ায় মনি, অস্বীকার তাহেরের

প্রাইম বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬ ৮:০৩ এএম
সংসদে কমিটি নিয়ে ধোঁয়াশা: ফোনালাপের বোঝাপড়ায় মনি, অস্বীকার তাহেরের

জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন এবং সংসদীয় কমিটিগুলোর চেয়ারম্যান পদ বণ্টন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে দেখা দিয়েছে মতানৈক্য। রোববার সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। চিফ হুইপ নুরুল ইসলাম মনি দাবি করেন, ফোনালাপে বিরোধীদলের উপ-নেতা সৈয়দ আবদুল্লাহ তাহেরের সঙ্গে সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশ নেওয়ার বিষয়ে কথা হয়েছিল। এই বোঝাপড়ার কারণেই রোববার কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল বলে জানান তিনি।

আলোচনায় অংশ নিয়ে চিফ হুইপ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের রূপরেখা বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন অত্যন্ত জরুরি। তিনি জানান, গত ৫৪-৫৫ বছর ধরে পাবলিক অ্যাকাউন্টস কমিটি ছাড়া অন্য কোনো কমিটির সভাপতি বিরোধীদলকে দেওয়া হয় না। তবে এবার আসন সংখ্যার ভিত্তিতে বিরোধীদলকে ১০টি কমিটির সভাপতি পদ দিতে সরকার প্রস্তুত রয়েছে। এ জন্য শর্ত হলো, তাদের অবশ্যই সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিতে হবে। তিনি বক্তব্যের মধ্যে কোনো ধরনের মারপ্যাঁচ না রেখে খোলামেলা আলোচনার ওপর গুরুত্ব আরোপ করেন।

চিফ হুইপের এই বক্তব্যের জবাবে বিরোধীদলের উপ-নেতা সৈয়দ আবদুল্লাহ তাহের পাল্টা অবস্থান ব্যক্ত করেন। তিনি স্পষ্ট করে জানান, সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার সঙ্গে সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টনের কোনো সম্পর্ক নেই এবং এ নিয়ে তাদের সঙ্গে কোনো সমঝোতা হয়নি। ফলে জাতীয় গুরুত্বপূর্ণ এই সংস্কার প্রক্রিয়ায় বিরোধীদল কীভাবে অংশ নেবে তা নিয়ে এখন দেখা দিয়েছে অনিশ্চয়তা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...