জ্বালানি সংকট মেটাতে লংমার্চে লাখ লিটার তেল খরচের অভিযোগ

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ৪:৩৮ পিএম
জ্বালানি সংকট মেটাতে লংমার্চে লাখ লিটার তেল খরচের অভিযোগ

দেশে জ্বালানি সংকটের কথা বলে বিরোধীদল সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বিরোধীদল যে লংমার্চের ডাক দিয়েছে, সেখানে প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল নষ্ট হবে। শনিবার (২৯ আগস্ট) বগুড়ার শিবগঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কোনো ধরনের দলীয় প্রতীক ব্যবহার করা হবে না এবং দল থেকেও কোনো প্রার্থী দেওয়া হবে না। তবে দলের ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের প্রতি বিএনপির সমর্থন থাকবে। নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় অর্থ ছাড় দিতে সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

মীর শাহে আলম আরও বলেন, যারা কেবল ভোটের সময় মাঠে নামে কিন্তু আন্দোলন-সংগ্রামে দেখা যায় না, তাদের দলীয় সমর্থন দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যে, স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রভাব বিস্তার করা যাবে না। আগামী পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব ধরনের সহযোগিতা প্রদান করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...