খরচ বাড়লেও স্বস্তি নেই: ২০২৭ সালের হজে ৩৩ দিনে নিবন্ধন ১২১২

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ৩:০৮ পিএম
খরচ বাড়লেও স্বস্তি নেই: ২০২৭ সালের হজে ৩৩ দিনে নিবন্ধন ১২১২

আগামী ২০২৭ সালের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গত ২৭ জুলাই থেকে শুরু হওয়া প্রাথমিক নিবন্ধনের ৩৩ দিনে মোট এক হাজার ২১২ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫২১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৯১ জন প্রাথমিকভাবে নিজেদের নিবন্ধন করেছেন।

চলতি বছর সৌদি কর্তৃপক্ষের রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রাথমিক নিবন্ধন চলবে। এবার প্রাথমিক নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৫০ হাজার টাকা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে (৯ জিলহজ ১৪৪৮ হিজরি) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ পালনের কোটা রয়েছে।

গত কয়েক বছর ধরে হজযাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে। ২০২৫ সালে ৮৭ হাজারের বেশি মানুষ হজ করলেও গত বছর (২০২৬) তা কমে দাঁড়ায় ৭৮ হাজার ৫০০ জনে। বিমান ভাড়া কিছুটা কমলেও সৌদি আরবে আবাসন, পরিবহন ও অন্যান্য সেবার খরচ বৃদ্ধির কারণে সার্বিক ব্যয় কমেনি। এর সঙ্গে দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি মিলিয়ে আগামী বছরও হজযাত্রীর সংখ্যা কমে আসার আশঙ্কা প্রকাশ করেছেন হজ এজেন্সি মালিকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...