লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলেই দুই লাখ পুরস্কার

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ২:৫৪ পিএম
লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলেই দুই লাখ পুরস্কার

লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের পাশাপাশি কাজ করতে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। এছাড়া এসব অস্ত্র উদ্ধারে সঠিক তথ্য প্রদানে আগ্রহীদের জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কারের ঘোষণা দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অস্ত্র উদ্ধার অভিযানে আরও গতি আনতে গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তা নিয়ে এই বিশেষ ইউনিট কাজ করছে। পুরস্কারের ক্ষেত্রে ভারী অস্ত্র উদ্ধারে সহযোগিতা করলে দুই লাখ টাকা এবং পিস্তল, রিভলভার বা শটগানের মতো অস্ত্রের তথ্য দিলে ৫০ হাজার টাকা পর্যন্ত প্রদান করা হবে। এছাড়া সাউন্ড গ্রেনেড বা লুট হওয়া টিয়ারগ্যাস শেল উদ্ধারে সহায়তার বিনিময়ে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে।

সভায় পুলিশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, জনগণের সেবক হিসেবে পুলিশ বাহিনীকে আরও দক্ষ ও জনবান্ধব করে গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশব্যাপী চলমান মাদক, সন্ত্রাস, চোরাচালান ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানও আরও জোরদার করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...