মোহাম্মদপুরে ‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার সামুরাই
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে দুই আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীর তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। শনিবার (২৯ আগস্ট) ভোরে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো সামুরাই তলোয়ার উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন মো. রফিকুল ইসলাম ওরফে রাফাত চকদার (২৫), মো. হানিফ হোসেন ওরফে জয় (২৬) এবং মো. চাঁন মিয়া (২০)। তারা দীর্ঘদিন ধরে ‘কবজি কাটা আনোয়ার গ্রুপ’ এবং ‘আই ডোন্ট কেয়ার মোহাম্মদপুর গ্রুপ’-এর অধীনে ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানিয়েছেন র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস।
র্যাব কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দুস্কৃতকারীরা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, আটককৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় ডাকাতি, দস্যুতা, হত্যাচেষ্টা ও মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। বিশেষ করে জয় নামের আসামির বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে এবং সে এর আগেও তিনবার গ্রেফতার হয়েছিল।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির এই কর্মকর্তা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

